বিশ্বকাপ শেষ হওয়ার আগেই ভারত ছেড়ে চলে গিয়েছিলেন পাকিস্তানের মহিলা সঞ্চালক জায়নাব আব্বাস। ৩৫ বছর বয়সি সেই সঞ্চালক ভারত কেন ছাড়লেন, সেই নিয়ে নানা ধরনের জল্পনা তৈরি হয়। বৃহস্পতিবার রাতে সমাজমাধ্যমে পোস্ট করে জায়নাব জানান ভারতে এসে তাঁর কেমন অভিজ্ঞতা হয়েছিল।
হায়দরাবাদে পাকিস্তান ম্যাচে সঞ্চালক ছিলেন জায়নাব। ৬ অক্টোবর নেদারল্যান্ডস বনাম পাকিস্তান ম্যাচে দেখা গিয়েছিল তাঁকে। জায়নাব লেখেন, “আমার ভালবাসার খেলা ক্রিকেট। সেটার সঞ্চালনা করতে সব সময়ই ভাল লাগে আমার। বিভিন্ন দেশে গিয়ে সঞ্চালনা করি। এ বারেরটা সব থেকে স্পেশাল ছিল। ভারতে থাকাকালীন সকলের সঙ্গে খুব ভাল সময় কাটিয়েছি। আমাকে সকলে আপন করে নিয়েছিল। নিজের দেশেই ছিলাম মনে হয়েছে। আমাকে ভারত থেকে বার করে দেওয়া হয়নি। কেউ চলেও যেতে বলেনি। যদিও সমাজমাধ্যমে যে ভাবে যে প্রতিক্রিয়া পাচ্ছিলাম, সেটা ভয়ঙ্কর। আমার পরিবার বা আমার উপর কোনও ক্ষতি করার কথা ওঠেনি, কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সেই কারণে আমার নিজের জন্য একটু সময় দরকার ছিল।”
অতীতে সমাজমাধ্যমে ‘হিন্দু-বিরোধী’ এবং ‘ভারত-বিরোধী’ পোস্ট করেছিলেন জায়নাব। তা নিয়ে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছিল। বিশ্বকাপ শুরুর দিন (৫ অক্টোবর) বিনীত জিন্দল নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী দিল্লির আদালতে জায়নাবের বিরুদ্ধে সাইবার আইনে অভিযোগ করেন। ন’বছর আগে জায়নাবের করা কিছু টুইট (এখন এক্স) উল্লেখ করে তিনি জানান, ভারত দেশ এবং একটি নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসি-কেও ব্যাপারটি জানিয়েছেন বিনীত। একই সঙ্গে অনুরোধ করেছেন, বিশ্বকাপের কাজ থেকে তাঁকে যেন সরিয়ে দেওয়া হয়। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

