চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে ‘ক্ষমা প্রার্থী’ পোস্ট করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোহাম্মদ আরিফ (২৩) নামে এক ব্যবসায়ী।
সোমবার ( ৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের পূর্ব সাহেরখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আরিফ ওই এলাকার নিজাম উদ্দিনের ছেলে। স্থানীয় ভোরের বাজার এলাকায় একটি ফলের দোকান রয়েছে।
আরিফের প্রতিবেশী কাজী সেলিম জানান, আরিফ দীর্ঘ দিন ধরে ভোরের বাজারে ফলের ব্যবসা করে আসছেন। এর ফলে তার লেনদেনসহ বিভিন্ন খাতে মোটা অঙ্কের ঋণ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ওই ঋণের বোঝা সইতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে দোকান থেকে বাড়ি ফিরে খাওয়ার শেষে রুমে ঘুমাতে যান। সন্ধ্যায়ও তাকে রুম থেকে বের হতে না দেখে বাড়ির লোকজন দরজা ভেঙে রুমে ঢোকে। তারা দেখে যে আরিফ সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে। তারা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন বলেন, সাহেরখালীতে ফল ব্যবসায়ী মোহাম্মদ আরিফের আত্মহত্যার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিক্যালে রয়েছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লাশের ময়নাতদন্ত শেষে বাড়িতে নিয়ে আসা হবে।
এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান ওসি।

