আঘাত করলে পালটা আঘাত: গয়েশ্বর রায়

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আঘাত করলে পালটা আঘাত- এটা সারা দেশের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। এটা যদি করতে পারি তাহলেই আমাদের বাঁচা সম্ভব হবে’।

মঙ্গলবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম আয়োজিত এক সভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছসহ গ্রেফতার রাজবন্দির মুক্তি’র দাবিতে এ সভার আয়োজন করা হয়।

গয়েশ্বর বলেন, ‘আইয়ুব-ইয়াহিয়া অনেক শক্তিশালী ছিল। কিন্তু আজকে এই সরকার তত শক্তিশালী না। গত ৫১ বছরে বাংলাদেশে এত দুর্বল সরকার আর কখনো আসেনি। কেন দুর্বল? কারণ জনগণ দ্বারা নির্বাচিত নয়। তাই মনোবল শক্ত করে আমরা- এমন একটি অনৈতিক ও দুর্বল সরকারকে সঠিকভাবে যদি ধাক্কা দেই, এই সরকার টিকে থাকবে না। এটা আমার আত্মবিশ্বাস।’

বিএনপির এই নেতা বলেন, ‘আজকে আমাদের বড় বড় জনসভা হয়, অনেক নেতাকর্মী। সুতরাং যদি শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকি, নেতাদের প্রশংসা সুলভ বক্তব্য দিয়ে নেতৃত্বকে আকৃষ্ট করি, নিজের পদ বা অবস্থানকে শক্ত করার চেষ্টা করি, করতে পারব। কিন্তু পরবর্তীতে আমরা পরাধীন হয়ে থাকব, মুক্তি পাব না। ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পারব না। সুতরাং এখন যা কিছু করেন এবং করতে চান তা মুখে নয়, অন্তর থেকে ও সাহস নিয়ে আজকে ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি আইনুল হক রেজা শাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারোয়ার আলম খানের পরিচালনায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক শাম্মী আক্তার, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল ইসলাম, ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের উপদেষ্টা জাকির হোসেন, একেএম রিপন তালুকদার প্রমুখ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.