মাঝআকাশে দুই প্রশিক্ষণ প্লেনের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ইউক্রেনের জনপ্রিয় একজন যুদ্ধের নায়কসহ তিন পাইলট। এ ঘটনাকে ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশটি।
রাশিয়ার আক্রমণের প্রথম দিকে কিয়েভে ডগফাইটে অংশ নিয়ে খ্যাতি অর্জন করেন পাইলট আন্দ্রি পিলশচিকভ। ইউক্রেনীয় সামরিক বাহিনী একসঙ্গে তিন পাইলটের মৃত্যুকে ‘বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতি’ হিসেবে অভিহিত করেছে এবং পিলশ্চিকভকে ‘বিশাল প্রতিভার’ আধিকারী উল্লেখ করে শ্রদ্ধা জানিয়েছে।
গত শুক্রবার (২৫ আগস্ট) উত্তর ইউক্রেনের জাইটোমির অঞ্চলে মাঝ আকাশে দুটি এল-৩৯ প্রশিক্ষণ প্লেনের সংঘর্ষ হলে প্রাণ হারান তিন পাইলট। দুর্ঘটনাটি কীভাবে ঘটলো তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার রাতের ভাষণে পাইলটদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের মুক্ত আকাশ রক্ষাকারীদের কখনো ভুলবে না দেশ।
গত শরতে ইউক্রেনে শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে একযোগে তীব্র হামলা চালায় রাশিয়া। সে সময় প্রাণঘাতী অস্ত্রগুলো ঠেকানোর দায়িত্বে ছিলেন ইউক্রেনের মিগ-২৯ ফাইটার পাইলট পিলশচিকভ।

