পাকিস্তানের জবাবদিহিতা বিষয়ক ব্যুরোর এক আদালত বলেছে, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। একই সঙ্গে তার সব সম্পদকে অবমুক্ত করে দিতে জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরোকে (এনএবি) নির্দেশ দিয়েছে আদালত। এ মামলা থেকে ২৪শে জুন নওয়াজ শরীফকে বেকসুর খালাস দিয়েছে আদালত। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
এতে বলা হয়, পাকিস্তানের সাবেক সরকারের পক্ষে একটি রেফারেন্সের মাধ্যমে নওয়াজকে রাজনৈতিক প্রতিহিংসার ভিকটিম বানানো হয়। তাকে অপরাধী ঘোষণার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করা হয়নি। বৃহস্পতিবার ৩৭ বছরের প্রাইভেট প্রপার্টি বিষয়ক মামলা থেকে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) সুপ্রিমো নওয়াজ শরীফকে খালাস দেয়ার রায়ে এসব কথা ঘোষণা করে আদালত। এনএবির ওই আদালতের রায়ে তখনকার ক্ষমতাসীন সামরিক জান্তার পক্ষে রায় দেয়া হয়েছিল নওয়াজের রাজনৈতিক ও সম্পদের ক্ষতি করার জন্য। একই সঙ্গে তার রাজনৈতিক ক্যারিয়ার এবং সুনাম নষ্ট করার চেষ্টা করা হয়েছে। অথচ নওয়াজ শরীফ তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। আদালত তার রায়ে এনএবি এবং রাজস্ব বোর্ডকে নওয়াজ শরীফ এবং তার ২৭টি শেয়ারহোল্ডারের সম্পদ অবমুক্ত করে দেয়ার নির্দেশ দেয়।

