নজিরবিহীন অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান অবশেষে আশার খবর পেলো। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) শেষমেশ পাকিস্তানকে প্রায় তিন বিলিয়ন বা ৩০০ কোটি মার্কিন ডলারের ঋণ দিতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে।
পাকিস্তানের কর্মকর্তারা ঋণ খেলাপি এড়াতে দীর্ঘদিন ধরেই ঋণের জন্য আইএমএফের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিলেন। অবশেষে প্রায় আট মাস পর উভয় পক্ষের কর্মকর্তারা ঋণের চুক্তি ও শর্তের বিষয়ে সম্মত হয়েছেন। তবে পাকিস্তানকে চূড়ান্তভাবে এ ঋণ পেতে হলে আইএমএফের পরিচালনা পর্ষদের অনুমোদন লাগবে।
ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার উভয় পক্ষই চুক্তিটি ঘোষণা করেছে। তারা বলেছে, স্ট্যান্ড-বাই-এরেঞ্জমেন্ট বা এসবিএ, নয় মাসব্যাপী বিস্তৃত। এটি আইএমএফ নির্বাহী বোর্ডের অনুমোদন সাপেক্ষে জুলাইয়ের মাঝামাঝি নাগাদ বিবেচনা করবে বলে আশা করা হচ্ছে।
জুনের মাঝামাঝি সময়ে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৫০ কোটি ডলারে নেমে এসেছে। যা দেশটির জন্য অশনিসংকেত। এটি আইএমএফ-নির্দেশিত তিন মাসের কভারের বিপরীতে দেশটিতে মাত্র কয়েক সপ্তাহের আমদানি ক্রয়ের জন্য যথেষ্ট।
আইএমএফ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, নতুন তহবিল কর্মসূচি সাম্প্রতিক বাহ্যিক এবং অভ্যন্তরীণ বিপত্তি থেকে অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য দেশের তাৎক্ষণিক প্রচেষ্টাকে সহায়তা করবে।
এদিকে সমালোচকরা বলেছেন, আইএমএফের সঙ্গে নয় মাসের চুক্তির কারণে পাকিস্তান একটি তত্ত্বাবধায়ক সরকার এবং এই বসন্তে হতে যাওয়া নির্বাচন মোকাবিলা করতে পারবে। এটি ঋণ খেলাফির ঝুঁকি হ্রাস করবে এবং পরবর্তী সরকারকে ঋণদাতার সঙ্গে নতুন একটি ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা করতে সক্ষম করবে।

