মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব সভা অনুষ্ঠিত হয়েছে। আলাদা কোনো বিশেষ সভা করা হয়নি। আজ সোমবার সচিবালয়ে এ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এর আগে একটি গণমাধ্যমের খবরে বলা হয়, হঠাৎ সব সচিবকে ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
কয়েকজন সচিব জানিয়েছেন, সচিব সভা হয়েছে। একজন সাংবাদিক বিষয়টি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে মাহবুব হোসেন বলেন, ‘কোনো সচিব এ কথা বলে থাকলে তাকে জিজ্ঞেস করেন, আমাকে নয়।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বিশেষ কোনো মিটিং না। নিয়মিত যে মিটিং, সেটিই হয়েছে। এটি আগামীকাল হওয়ার কথা ছিল, ওই সময় আমার অন্য একটি প্রোগ্রাম আছে। সেজন্য আমি মিটিংটি এগিয়ে নিয়ে এসেছি।’
আলাদা করে সচিব সভা হয়েছে কি না- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সাধারণ সভা হয়েছে। এটি সচিব সভা নয়, আলাদা সচিব সভা নয়। আমাদের যে কমিটি সেই কমিটির সভা।’

