এক দফার আন্দোলনেই সরকারের পতন: মির্জা ফখরুল

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button

এক দফার আন্দোলনেই সরকারের পতন ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। সংসদ বিলুপ্ত করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে সরকারকে জনগণ বাধ্য করবে। সেই হিসেবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আগামী দিনে নতুন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব বলে আমরা বিশ্বাস করি।

শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

এর আগে গণফোরাম (একাংশ) ও পিপলস পার্টির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করে বিএনপি। এতে এক দফার চূড়ান্ত কর্মসূচির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এক দফা আন্দোলনের কর্মকৌশল চূড়ান্তের বিষয়টি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যুগপৎ আন্দোলনের আগামী দিনের কর্মসূচি কী হবে সে বিষয়ে আমরা আলোচনা করেছি। কতগুলো দফা দিয়েছিলাম তার ভিত্তিতে আমরা আন্দোলন করছি। এক দফার আন্দোলন কবেনাগাদ শুরু করা যায় এবং কবে ঘোষণা করা যায়, কিভাবে শুরু করা যায়- সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি।

গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, সামনে নির্বাচন। আমরা বলেছি, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না এবং জনগণ সেটা গ্রহণ করবে না। সেই লক্ষ্যে অচিরেই আমরা এক দফার আন্দোলনে যাচ্ছি।

তিনি বলেন, আমরা একমত হয়েছি, খুব দ্রুততম সময়ে একটা যৌথ ঘোষণা জাতির সামনে উপস্থাপন করব। তারপর দেশব্যাপী গণসম্পৃক্ততামূলক গণআন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব। আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব। এ ব্যাপারে বাংলাদেশে যেমন জনমত সৃষ্টি হয়েছে, আন্তর্জাতিক বলয় থেকেও আমরা যথেষ্ট সাহায্য-সহযোগিতা পাচ্ছি।

বৈঠকে গণফোরামের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবু সাইয়িদ, একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের এবং পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী ও মহাসচিব আবদুল কাদের উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন- দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.