বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রাতেই তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালটির ৭ম তলায় (কেবিন নং ৭২০৩ ও ৭২০৪) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত রাতের মতোই খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। হাসপাতালে তার এক্সরে ও আল্ট্রাসনোগ্রাম করানো হয়েছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন আজ দুপুরে গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়া গতরাতে অসুস্থ করায় কারণে তাকে হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে ম্যাডামের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা শেষে চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা এখনো আগের মতোই রয়েছে। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট নিয়ে একটি মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নিবেন।

