পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন না করার পেছনে তারা এককভাবে দায়ী নয়, দেশের কিছু বাঘা বাঘা ব্যক্তি এর পেছনে ভূমিকা রেখেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতুতে বিশ্বব্যাংককে না পাওয়া সংস্থাটির সঙ্গে বাংলাদেশের একটি বড় ভুল বোঝাবুঝি। এজন্য শুধু বিশ্বব্যাংককে দায়ী করা যাবে না। এর সঙ্গে আমাদের দেশের কিছু বাঘা বাঘা ব্যক্তিও জড়িত ছিলেন।’
যোগাযোগের ক্ষেত্রে, বিশেষ করে সড়ক যোগাযোগে শেখ হাসিনা সরকারের আমলে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে আর কখনো যোগাযোগে এমন উন্নয়ন হয়নি। এটি বিরাট এক অর্জন।’

