সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার ছেলে ফাহিম ফয়সাল রিফাতের নেতৃত্বেই হামলার শিকার হয়েছেন সাংবাদিক নাদিম। ইউপি চেয়ারম্যানের নানা অপকর্মের সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান ও তার লোকজন নাদিমকে হামলা করেছে বলে অভিযোগ করেছে পরিবার।
সাংবাদিক নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ সংবাদদাতা ছিলেন। তিনি নিলাক্ষিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের বাসিন্দা।
আজ শুক্রবার নিহত গোলাম রাব্বানি নাদিমের স্ত্রী মনিরা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্ম নিয়ে লেখালেখির পর নাদিমের ওপর ক্ষিপ্ত হয়ে তার নামে ডিজিটাল আইনে মামলা করেন তিনি। সেই মামলাটি গত বুধবার ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনাল খারিজ করে দেয়। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয় নাদিম। এরপর কয়েক ঘণ্টার মধ্যেই অফিস থেকে বাড়ি ফেরার পথে নাদিমের ওপর হামলা হয়। বাবু চেয়ারম্যানসহ সকল আসামির শাস্তির বাদি জানাই।
বকশীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন বলেন, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ করেছিলেন সাংবাদিক নাদিম। যে কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নাদিম। নাদিমের খুনীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। যতদিন বাবু চেয়ারম্যানসহ সকল আসামি গ্রেপ্তার না হবে ততদিন ঘরে ফিরবে না সাংবাদিকরা।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার বলেন, সভাপতি শাহীনা বেগম ঢাকা থেকে বকশীগঞ্জে আসছেন। আসলেই সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোহেল রানা বলেন, নিহত সাংবাদিকের ওপর হামলাকারীদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। পুলিশের পাঁচটি দল মাঠে কাজ করছে। এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার শোক আর শ্রদ্ধায় সাংবাদিক নাদিমকে চির বিদায় দেওয়া হয়েছে। সকাল ১০টায় বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাযা ও দুপুর ১২টায় নিলক্ষিয়া ঈদগাঁ মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাদা-দাদির কবরের পাশে সমাহিত করা হয়। সাংবাদিক নাদিমের অকাল মৃত্যুতে সাংবাদিক পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ বিকেলে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহামেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানীর বাড়িতে যান। তিনি সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের সান্তনা দেন। সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত বুধবার অফিসের কাজ শেষে রাত ১০টায় মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পথে বকশীগঞ্জ পাটহাটি মোড়ে ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল তার মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাকে টেনে হেচড়ে রাস্তার ওপারে নিয়ে বেধড়ক মারধর করে অজ্ঞান অবস্থায় ফেলে যায়। বাবু চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার ছেলে ফাহিম ফয়সাল রিফাত এই হামলার নেতৃত্ব দেন।
পরে নাদিমকে উদ্ধার করে স্থানীয়রা তাকে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতাল রেফার করেন। অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

