রাশিয়ায় ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের বিদ্রোহ বিষয়ে ফোন আলাপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
গতকাল রোববার জেলেনস্কি ও বাইডেনের মধ্যে এই ফোনালাপ হয় বলে জানায় আল জাজিরা। পরে এই ফোনালাপ নিয়ে টুইট করেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনে “ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক” আলোচনা করেছেন। তাঁরা রাশিয়া–ইউক্রেন যুদ্ধের গতিপথ নিয়ে কথা বলেছেন। রাশিয়ায় যেসব ঘটনা ঘটছে, তা নিয়ে আলাপ করেছেন।
জেলেনস্কি আরও বলেন, সাম্প্রতিক ঘটনাগুলি পুতিনের শাসনের দুর্বলতা প্রকাশ করেছে।
ফোন আলাপে জেলেনস্কি রাশিয়ার উপর বৈশ্বিক চাপ প্রয়োগের আহ্বান জানান এবং বাইডেনের সাথে দূরপাল্লার অস্ত্রের উপর জোর দিয়ে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন।

