নিখোঁজের ২০ ঘণ্টা পর দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিখোঁজের ২০ ঘণ্টা পর শুক্রবার (৫ মে) সকাল ৯টা ২০ মিনিটে উপজেলার লাখপুর গ্রামের শীতলক্ষ্যা নদী থেকে স্কুলছাত্রী ইয়াছমিনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়। এর দেড় ঘণ্টা পর বেলা ১১টার দিকে স্কুলছাত্রী ইমার (১৬) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সাদেকুল বারি।

নিহত ইয়াছমিন পলাশ উপজেলার ভাগপাড়া গ্রামের আব্দুল রহিম মিয়ার মেয়ে ও ইমা একই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। ইমা পলাশ কো-অপারেটিভ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ও ইয়াছমিন বাংগালপাড়া স্কুলের শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও নিখোঁজের পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ইমা তার খালা ইয়াছমিন ও চাচাতো বোন সাদিয়াকে নিয়ে লাখপুর খেয়া ঘাটের পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। এক পর্যায় তাদের মধ্যে সাদিয়া নদী থেকে গোসল শেষে ঘাটে উঠতে পারলেও ইয়াছমিন ও ইমা নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়। পরে সাদিয়া বাড়িতে গিয়ে তাদের পানিতে ডুবে যাওয়ার বিষয়টি জানালে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে পলাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এসময় স্থানীয়রাও নৌকা দিয়ে জালের মাধ্যমে তাদের খোঁজা শুরু করে। পরে উদ্ধার কাজ চালানোর জন্য গাজীপুরের টঙ্গী থেকে ডুবরিদল খবর দেওয়া হয়। তারা এসে উদ্ধার কাজ চালায়। তারা সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অভিযান চালিয়েও মরদেহের কোন খোঁজ পায়নি।

শুক্রবার সকালে আবার তারা উদ্ধার অভিযান শুরু করে। প্রথমে নদী থেকে ইয়াছমিনের মরদেহ উদ্ধার করে ও দেড় ঘণ্টা পর ইমার মরদেহ উদ্ধার করা হয়।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সাদেকুল বারি বলেন, দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা এখনো ঘটনাস্থলে কাজ করছি। মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.