মুক্তিযুদ্ধের মতো আরও একটি গণজাগরণ চায় গণতন্ত্র মঞ্চ

স্বাধীনতার ঘোষণাপত্র দিবসকে মর্যাদা না দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকেই অবমাননা করছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

তারা বলেছেন, ‘সরকার ও সরকারি দল বাস্তবে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। চলমান গণসংগ্রামের বিজয়ের মধ্য দিয়ে দেশকে মুক্তিযুদ্ধের ধারায় নিয়ে যেতে হবে।’

সোমবার (১০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে ‘স্বাধীনতার ঘোষণা বাস্তবায়নের রাষ্ট্র গড়ে তুলুন’ স্লোগানে স্বাধীনতার ঘোষণাপত্র দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাপত্র দিবস উপলক্ষে সকালে প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনা সভায় মঞ্চের নেতৃবৃন্দ বলেন, হীনমন্যতার কারণে সরকার ও সরকার দল স্বাধীনতার ঘোষণা দিবস পালন করে না, এই গুরুত্বপূর্ণ দিবসকে মর্যাদাও দেয় না। তাজউদ্দীন আহমদের নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধকালীন সরকারকে এই পর্যন্ত প্রয়োজনীয় জাতীয় সম্মান ও মর্যাদাও দেওয়া হয়নি। অথচ ১৯৭১ সালে ১০ই এপ্রিলের এই ঘোষণার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামের ন্যায্যতা নিশ্চিত করা হয়েছিল। একই সাথে এই ঘোষণায় নতুন রাষ্ট্রের রাজনৈতিক দিশাও ঠিক করে দেওয়া হয়েছিল। গত ৫২ বছরে দেশকে এই ঘোষণার বিপরীতে ঠেলে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের মতো আর একটি গণজাগরণের মধ্য দিয়ে বাংলাদেশ ও তার জনগণকে স্বাধীনতার দিশায় নিয়ে যেতে হবে।

সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘যেই দেশের জনগণ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে সেই দেশের মানুষের দেশ চালানোর কোনো অধিকার নেই। স্বাধীনতার ঘোষণাপত্র এ দেশের জনগণের সামনে নতুন রাষ্ট্রের দর্শন হাজির করেছিল, কিন্তু সশস্ত্র সংগ্রামের পরে তড়িঘড়ি করে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ। ক্ষমতা দখলের পরে জনগণের মতামতকে উপেক্ষা করে ঠিক পাকিস্তানিরা যেরকম রাষ্ট্র পরিচালনা করেছে সেইরকম রাষ্ট্র বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘১০ই এপ্রিল স্বাধীনতার ঘোষণা দিবস পালন না করে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকেই অসম্মান করা হচ্ছে। তাজউদ্দীন আহমেদের নেতৃত্বাধীন সরকারকে মর্যাদা না দিয়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের গৌরবকেই ভূলুণ্ঠিত করেছে।’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘নির্লজ্জ লোক যখন বিপদে পড়ে তখন পায়ে ধরে আবার যখন তার হাতে ক্ষমতা যায় তখন যা ইচ্ছা তাই করে। স্বাধীনতার ঘোষণাপত্রের রাষ্ট্র বাস্তবায়ন করতে হলে এইরকম নির্লজ্জ, লোভী সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। পাশাপাশি নিশ্চিত করতে হবে রাজনীতির ওইসব লোভী ও নির্লজ্জ লোকগুলো যেনো আবারও ক্ষমতায় ফিরে আসতে না পারে। সেজন্য আমাদেরকে সেইরকম বিকল্প রাজনীতি গড়ে তুলতে হবে এবং জনগণের আন্দোলনের মাধ্যমে সেইপথে এগুতে হবে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশে মোসাহেবি কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে! দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটা পত্রিকার নিবন্ধন বাতিল করতে নিজে রাস্তায় নেমে মানববন্ধন করছেন।’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ূম বলেন, ‘৭০ এর নির্বাচনের নির্বাচিত প্রতিনিধিদের শাসনতন্ত্র প্রণয়ন করতে না দিয়ে আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল পাকিস্তানিরা। মুক্তিযুদ্ধের ৩০ লাখ মানুষের রক্তের অঙ্গীকার নিয়ে তৈরি যে ঘোষণাপত্র সেই রক্তের সাথে বেঈমানি করে বাংলাদেশের সংবিধান ও এর ক্ষমতাকাঠামো তৈরি করা হয়েছিল। তাই আমাদের বর্তমান লড়াই একইসাথে যেমন এই সরকারের পতনের তেমনি শাসনব্যবস্থা তথা বর্তমান রাষ্ট্রের ক্ষমতাকাঠামো সংস্কারের লড়াই।’

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এবং রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদ সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.