কোভিডের উৎস কী, তা নিয়ে অনেক বেশি তথ্য রয়েছে চিনের হাতে! কিন্তু চিন সরকার সেই তথ্য গোপন করছে। এমনটাই জানিয়ে বেজিংকে অবিলম্বে কোভিডের উৎস সংক্রান্ত সব প্রাসঙ্গিক তথ্য পাঠানোর দাবি তুলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
হু বৃহস্পতিবার জানিয়েছে যে, নিশ্চিত ভাবে চিনের কাছে কোভিড সংক্রান্ত অনেক বেশি তথ্য রয়েছে যা কোভিডের উৎস সম্পর্কেও আলোকপাত করতে পারে। হু-প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাসের কথায়, ‘‘চিনের কাছে যে তথ্য রয়েছে, তা হাতে না পেলে সব জল্পনা বা অনুমানের স্তরেই থেকে যাবে। কোনও বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না। হু-র কাজ কোভিডের উৎস সম্পর্কে সঠিক ধারণা তৈরি করা। সে কারণেই আমরা চিন সরকারকে এই বিষয়ে সহযোগিতা করতে বলেছি।’’
তিনি আরও যোগ করেন, ‘‘বেজিং যদি সমস্ত তথ্য সরবরাহ করে তা হলে আমরা জানতে পারব যে, ঠিক কী ঘটেছিল বা কী ভাবে এর উৎপত্তি।’’

