নিউ সুপার মার্কেটে আগুনের সূত্রপাত যেভাবে

রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে বহু দোকান। সবশেষ খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ে সময় লাগবে।

এদিকে মার্কেটে কীভাবে আগুন লেগেছে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন নিউ সুপার মার্কেটের মালিক সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ।

একটি বেসরকারী টেলিভিশনকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘সিটি করপোরেশনের লোকজন রাত ৩টার সময় ব্রিজ ভাঙতে আসে। ব্রিজের ওখানে আমাদের যে ১ হাজার কেবির বিদ্যুতের লাইন আছে, ওই লাইন তারা খেয়াল না করে ওই লাইনের ওপর যখন তারা বুলডোজার লাগাল তখনই আগুনের সূত্রপাত হয়েছে।’

তারা কোনো পরিকল্পনা না করে এই ব্রিজ ভাঙার কাজ শুরু করায় এই আগুনের সূত্রপাত হয়েছে বলেও অভিযোগ করেন নিউ সুপার মার্কেটের মালিক সমিতির সভাপতি।

এ বিষয়ে নিউমার্কেটের ব্যবসায়ীরা গণমাধ্যমকে জানান, ব্রিজ ভাঙা শ্রমিকদের ভাঙতে নিষেধ করলেও তারা শোনেনি। মধ্যরাতে কেন এই কাজ করতে হবে তা নিয়েও প্রশ্ন তোলেন ব্যবসায়ীরা।

এদিকে মার্কেটের ইলেকট্রিশিয়ানদের দাবি, নিউমার্কেটের গাউছিয়ার সঙ্গে ঢাকা নিউ সুপার মার্কেটে সংযোগ ওভারব্রিজ। যেটি মধ্যরাতে ভাঙা শুরু করে। যে ওভারব্রিজের বৈদ্যুতিক তার থেকেই আগুনের সূত্রপাত।

নিউমার্কেটে রাস্তা পারাপারের জন্য এই ফুটওভার ব্রিজটি মূলত ব্যবহার করা হলেও এই ফুটওভার ব্রিজ দিয়ে মার্কেটের তৃতীয় তলায় যাওয়া যেত। সেখানেই আগুন লাগার ঘটনা ঘটে।

আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। এরপর সকাল ৯টা ১০ মিনিটে ২৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এক ব্রিফিংয়ে বলেন, ‘মার্কেটে লাগা ভয়াবহ আগুন আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে, তবে আগুন পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ে সময় লাগবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, কাজ চলছে।’

তিনি জানান, উৎসুক জনতার কারণে আগুন নেভানোর কাজে বেগ পেতে হয়েছে। সেই সঙ্গে তিনি রাজধানীর সব মার্কেটের ব্যবসায়ীদের সতর্ক থাকতে বলেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.