যতটা সহজ মনে হচ্ছিল শুরুতে, ততটা সহজ হলো না। শুরু দুইদিন বাংলাদেশের আধিপত্যের পর তৃতীয় দিনটা হয়ে থাকল আয়ারল্যান্ডের। তাতে সিরিজের একমাত্র টেস্টটা পরীক্ষা দিয়েই জিততে হলো টাইগারদের। যদিও জয়টা ধরা দিল প্রায় দেড় দিন হাতে রেখে।
শুক্রবার ম্যাচের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ৭ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। ১৩৮ রানের লক্ষ্য তারা ছুঁয়েছে লাঞ্চ ব্রেকের পর।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ২১৪ রানের সংগ্রহ গড়ে। বিপরীতে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করে ৩৬৯ রান।
১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা আয়ারল্যান্ড শেষ পর্যন্ত ২৯২ রান করতে সক্ষম হয়। যদিও ১৩ রানে ৪ ও ৫১ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারে ছিল দলটি।
লরকান টাকারের অভিষেক টেস্ট সেঞ্চুরি এবং অ্যান্ড্রু ম্যাকব্রাইনের সঙ্গে হ্যারি টেক্টরের ফিফটি ছাড়ানো ইনিংসে ভর করেন আয়ারল্যান্ড বাংলাদেশকে এক শ ছাড়ানো লক্ষ্য দেয়। যা তাড়া করতে নেমে মুশফিকুর রহিমের নির্ভার ব্যাটে জয় ধরা দেয় বাংলাদেশের।

