নামাজ পড়ে ফেরার পথে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আনসার আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকার লিন্ডা ক্লিনিকের সামনে জুমার নামাজ শেষে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। নিহত শেখ আনসার আলী খুলনার ফুলতলার ইউপি চেয়ারম্যান জাকির হোসেন হত্যা মামলার আসামি।

স্থানীয়রা জানান, নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন আনসার শেখ। মসজিদ থেকে ৫০ গজ আসা মাত্র তিনজন যুবক আনসারকে লক্ষ্য করে ৬ থেকে ৭ রাউন্ড গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান বলেন, ‘শুক্রবার জুমার নামাজ শেষে আনসার আলী বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে লিন্ডা ক্লিনিকের সামনে পৌঁছালে কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগে সন্ত্রাসীরা তাকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। তার শরীরে পরপর ৩টি গুলি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

তিনি আরও বলেন, ‘নিহত আনসার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হত্যা মামলার আসামি। তিনি দীর্ঘদিন খানজাহান আলী থানার শিরোমনি এলাকায় বসবাস করতেন। নিহতের মরদেহের সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.