খোকন-কাজলসহ ১৩ আইনজীবীর জামিন

সুপ্রিম কোর্ট বার সমিতির নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই এবং পুলিশের কর্তব্য-কাজে বাধা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা তিন মামলায় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ১৩ আইনজীবীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাদের আট সপ্তাহের আগাম জামিন দেন। নির্বাচনে বিএনপি প্যানেলের সভাপতি প্রার্থী ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ছিলেন সম্পাদক প্রার্থী।

আদালতে বিএনপির আইনজীবীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে গত ১৫ মার্চ সুপ্রিম কোর্ট বার সমিতির নির্বাচনে ব্যালট ছিনতাই ও হট্টগোলের ঘটনায় বিএনপির শতাধিক আইনজীবীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে আওয়ামী লীগের মনোনীত নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান।

একই অভিযোগে সুপ্রিম কোর্টের প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম মিল্টন আরেকটি মামলা দায়ের করেনে। পরে পুলিশের কর্তব্য-কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৫টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয়। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীদের পাল্টাপাল্টি মিছিল ও হট্টগোলের জেরে উত্তপ্ত ছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।

নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীরা ভোটাধিকার প্রয়োগ করলেও বিএনপি সমর্থক আইনজীবীরা ভোট দান থেকে বিরত থেকেছেন। তারা নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে তাদের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানান।

facebook sharing button
twitter sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.