সরকারকে ক্ষমতা থেকে নামানোর ক্ষমতা বিএনপির নেই : হানিফ

 

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ২০১৩ সাল থেকে বিএনপি এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে বহু চেষ্টা করেছে, তার ফলাফল মানুষ জানে। আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামানোর ক্ষমতা বিএনপির তো নেই-ই, এ দেশে এমন কোন রাজনৈতিক শক্তিও নেই। তিনি বলেন, বিএনপির আন্দোলন তাদের নিজেদের কর্মী সমর্থকদের ও জনগণের সাথে ভাওতাবাজি ছাড়া আর কিছুই না। এখন তারা যে কথাগুলো বলছে সেগুলোও ওই ভাওতাবাজিরই অংশ। হানিফ বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, যদি অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবার প্রস্তুতি নিন। সেই নির্বাচন সংবিধান অনুযায়ী এই সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনেই হবে। সরকারকে বাদ দিয়ে অসাংবিধানিক প্রক্রিয়ায় এ দেশে আর কোন নির্বাচন হবে না। আজ সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া মোহিনী মিল আদর্শ কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় পিলখানা হত্যাকাণ্ড নিয়ে হানিফ বলেন, ওইদিন বেগম খালেদা জিয়ার গতিবিধি ও আচরণ সন্দেহজনক যা এই ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। মির্জা ফখরুলরা এখন উল্টাপাল্টা কথা বলেন, সেদিন সকাল থেকে দু’দিন বেগম জিয়া কোথায় অন্তর্ধানে ছিলেন তা খোলাসা করুন।

এসময় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্ট্রার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা প্রশাসক  মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী সহ আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.