জাতিসংঘে ইউক্রেন ইস্যুতে ভোটদানে বিরত বাংলাদেশ

 

ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে যুদ্ধ বন্ধে ভোটাভুটি হয়েছে। ওই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সাধারণ পরিষদের ১৯৩টি দেশের মধ্যে ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে এবং সাতটি দেশ বিপক্ষে ভোট দেয়। ভোট দেওয়া থেকে বিরত ছিল ৩২টি দেশ।

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তি উপলক্ষে বিশেষ
এই ভোটাভুটি হয়। বহু আলোচনার পর জার্মানি প্রস্তাবটি পেশ করে। যেখানে বলা হয়, জাতিসংঘের চার্টার মেনে ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হোক।

গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে প্রথম আক্রমণ চালিয়েছিল রাশিয়া। তার ঠিক এক বছর পর জাতিসংঘে এই প্রস্তাব নিয়ে ভোটাভুটি হলো।

এর আগেও একাধিকবার ইউক্রেন যুদ্ধ নিয়ে জাতিসংঘের সাধারণ সভায় ভোটাভুটি হয়েছে। এবারও তার ব্যতিক্রম নয়। প্রতিবারেই যে ফলাফল পাওয়া যায়, এবারও প্রায় তেমনই ফলাফল মিলেছে। ইউরোপ এবং আমেরিকার অধিকাংশ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবের বিপক্ষে থেকেছে রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া, মালি, ইরিত্রিয়া এবং নিকারাগুয়া। যে ৩২টি দেশ ভোটে অংশ নেয়নি, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ভারত, পাকিস্তান, চীন, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফ্রিকার অধিকাংশ দেশ। মধ্য এশিয়ার বেশ কিছু দেশও ভোটে অংশ নেয়নি।

ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারত আগেই তার অবস্থান স্পষ্ট করেছে। তাদের বক্তব্য, কোনো যুদ্ধই কাম্য নয়। সমাধানের রাস্তা খোলা দরকার। কিন্তু এই লড়াইয়ে তারা কোনো পক্ষ অবলম্বন করতে চায় না। বস্তুত, যুদ্ধ চলাকালীন ভারত রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনেছে। এনিয়ে পশ্চিমা বিশ্ব সমালোচনা করলে ভারত জানিয়েছে, ইউরোপ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করার পর যে পরিমাণ তেল সেখান থেকে নিচ্ছে, তার চেয়ে অনেক কম ভারত কিনছে।

জাতিসংঘের ভোট নিয়ে কূটনীতিকদের বক্তব্য, যা আশা করা হয়েছিল, তাই ঘটেছে। বিরাট কোনো পরিবর্তন হয়নি। সাউথ সুদানের মতো কিছু দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু বড় কোনো দেশ সেই অর্থে অবস্থান পরিবর্তন করেনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.