স্কুল বন্ধ রেখে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ছেলের বউভাতে সব শিক্ষক

 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলের বউভাতে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দাওয়াত দেওয়া হয়েছে। সে জন্য আজ রোববার উপজেলার সব স্কুলে পাঠদান বন্ধ রেখে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শিক্ষক-কর্মচারীরা। শুধু তাই নয়, দাওয়াতে উপস্থিত হয়েছেন শিক্ষা কর্মকর্তারাও।

প্রতিমন্ত্রী জাকির হোসেনের বাড়ি কুড়িগ্রামের রৌমারীতে। তিনি কুড়িগ্রাম-৪ আসনের (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) সরকারদলীয় সংসদ সদস্য।

আজ রৌমারীর নিজ বাসভবনে তার একমাত্র ছেলে সাফায়েত বিন জাকিরের বিবাহোত্তর বউভাত অনুষ্ঠান হচ্ছে। সেখানেই রৌমারীর পাশাপাশি চিলিমারীর শিক্ষকেরাও দাওয়াতে অংশ নেন।

অবশ্য স্কুল বন্ধ রাখার বিষয়ে বউভাত অনুষ্ঠান নয়, শীতের কারণে প্রধান শিক্ষকদের হাতে থাকা সংরক্ষিত ছুটির যুক্তি দেখাচ্ছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মো. শহীদুল ইসলাম।

স্কুল বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, ‘সব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা আজ সংরক্ষিত ছুটি দিয়েছেন। প্রধান শিক্ষকদের হাতে যে সংরক্ষিত ছুটি আছে, প্রচণ্ড শীতের কারণে সেই ছুটি তারা দিয়েছেন।’

কিন্তু সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে সংরক্ষিত ছুটি দেওয়ার বিষয়ে ডিপিইও বলেন, ‘প্রধান শিক্ষকেরা জানিয়েছেন, প্রচণ্ড শীতে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। অনেকে বাচ্চা স্কুলে আসছে না। এ জন্য একদিন ছুটি দেওয়া হয়েছে।

রৌমারীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, বেশির ভাগই বন্ধ। কয়েকটিতে জাতীয় পতাকা তোলা হলেও কোনো শিক্ষক-কর্মচারী কিংবা শিক্ষার্থী নেই। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একই চিত্র দেখা গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির বিষয়ে জানতে রৌমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। এমনকি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আইবুল ইসলামকে একাধিকবার কল করা হলেও তার সাড়া মেলেনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.