ভোটের অধিকারের জন্য বিএনপি আন্দোলন করছে :গয়েশ্বর রায়

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির এবারের আন্দোলন মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। আওয়ামী লীগ সরকারের নির্যাতনের কবল থেকে রক্ষা করতেই বিএনপি আন্দোলন করছে, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না।

শনিবার বিকেলে নগরীর ভুবন মোহন পার্কেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত গণমিছিল উত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, হত্যা, গুম, মামলা-হামলা, গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর গ্রেফতার নেতাকর্মী এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, ভোটের অধিকার আদায়ের এই আন্দোলনে আজ জনগণ শামিল হয়েছে।

বিএনপি ঘোষিত ১০ দফা দাবি তুলে ধরে তিনি বলেন, বর্তমান অবৈধ আওয়ামী সরকার পৃথিবীর সকল স্বৈরাচারী সরকারকেও হার মানিয়েছে। ক্ষমতা দীর্ঘস্থায়ী করে রাখতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে এবং কোনো রকম মামলা ছাড়াই গ্রেফতার করছে। দলের মহাসচিব, যিনি অতি সজ্জন বলে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে পরিচিতি লাভ করেছেন। সেই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কোনো কারণ ছাড়াই রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে এনে গ্রেফতার দেখিয়ে কারাগারে রাখা হয়েছে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী সরকার ভাবছে দলের মহাসচিব, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য সিনিয়র নেতাদের আটক করলে বিএনপির আন্দোলন থেমে যাবে। কিন্তু তা হবে না। বিএনপির একজন নেতা বাইরে থাকলেও সব ধরনের আন্দোলন চলবে। যার প্রমাণ ঢাকার গণসমাবেশ। কোনো বাধাই বিএনপিকে রুখতে পারেনি। যার প্রমাণ জনগণ, দেশ বিদেশের সকল মিডিয়া।

তিনি আরো বলেন, বিএনপির আর হারানোর কিছু নেই। এখন শুধু পাওয়া আর পাওয়া। শেখ হাসিনার সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। সকল প্রকার নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। রেমিটেন্স কমে এসেছে। সরকারি রিজার্ভ অনেক কমে গেছে। গার্মেন্টস সেক্টর ধ্বংসের পথে। ব্যাংকের তারল্য সংকট দেখা দিয়েছে। প্রতিদিন নিত্যাপণ্যের মূল্য বাড়ছে, সেদিকে নজর না দিয়ে বিএনপির গণমুখী আন্দোলনকে থামিয়ে দেয়ার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার পেটোয়াবাহিনী দিয়ে ও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ আওয়ামী সন্ত্রাসী দিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের হত্যা করছে। মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা এই সরকার লোপাট করে বিদেশে পাচার করেছে, সুইস ব্যাংকে রেখেছে। বিদেশে বাড়ি গাড়ি সব করে নিয়েছে। এই সকল অন্যায় ও অর্থ লোপাট এবং হত্যার বিচার সময় আসলে করা হবে।

এই সরকারের পতন ছাড়া বিএনপি ঘরে ফিরবে না উল্লেখ করে চলমান সরকার পতনের আন্দোলনে সকল শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে উল্লেখ করে গয়েশ্বর বলেন, আমরা স্থিতিশীল পরিবেশে ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। তাই ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে বিএনপির ঢাকার কর্মসূচি স্থগিত করা হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে ও সদস্য সচিব মামুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এতে অন্যদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হুদাসহ মহানগর ও জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। আর গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.