উল্লাস করতে গিয়ে প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক রাকিবের

আর্জেন্টিনা শেষ হাসি হাসলেও তা দেখে যেতে পারেননি যশোরের ঝিকরগাছার সমর্থক রাকিব হোসেন (২৫)। তার আগেই প্রাণ হারিয়েছেন রাকিব। প্রিয় দল আর্জেন্টিনা দুই গোল দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে মারা গেছেন তিনি।

রাকিব যশোরের ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের ধোপাপাড়ার আসলাম হোসেনের ছেলে। খেলা দেখার সময় গতকাল রোববার রাত সাড়ে ৯টা দিকে কাটাখাল বঙ্গবন্ধু পাশে নির্মাণাধীন ব্রিজের গর্তে পড়ে মারা যান তিনি।

প্রত্যক্ষদর্শী আবু বক্কর বলেন, রাকিব কাটাখাল বঙ্গবন্ধু পার্কের পাশে মোহনের চা দোকানে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখছিল। আর্জেন্টিনা দ্বিতীয় গোল দিলে রাকিব বন্ধুদের সঙ্গে উল্লাস করতে থাকেন। এক পর্যায় উৎফুল্ল রাকিব পা পিছলে নির্মাণাধীন ব্রিজের গর্তে পড়ে যায়। গর্তের ভেতর থাকা লোহার রড ও কংক্রিটে রাকিব মাথা ও পিঠে মারাত্মক আঘাত লাগে। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কৃষ্ণনগর গ্রামের আরিফুর রহমান বলেন, ব্রিজ নির্মাণের জন্য বড় গর্ত করা হয়েছে তবে তা অরক্ষিতভাবে রাখায় প্রতিদিনই কমবেশি দুর্ঘটনা ঘটছে। যার বড় খেসারত রাকিবের মৃত্যু।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনের আবেদনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.