সৌদি আরবের কাছে হার হজম করতে পারছে না আর্জেন্টিনা। এ ভাবে হারতে হবে তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি লিয়োনেল মেসিরা। হারের ধাক্কায় ভেঙে পড়েছে পুরো দল। ফুটবলাররা নিজেদের মধ্যে কথা বলছেন না। একসঙ্গে খেতে নামেননি মেসিরা। থমথমে পরিবেশ আর্জেন্টিনা শিবিরে। ম্যাচ শেষে বাসে ওঠার আগে মেসি সাংবাদিকদের বলেছেন, ‘‘আমরা মারা গিয়েছি।’’
আর্জেন্টিনার সংবাদপত্র ‘ক্ল্যারিন’ জানিয়েছে, হারের পরে স্টেডিয়ামের টানেল দিয়ে ঢোকার সময় আর্জেন্টিনার ফুটবলাররা একে অপরের সঙ্গে কথা বলেননি। লুসাইল স্টেডিয়ামের সাজঘরে প্রায় ১ ঘণ্টা বসেছিলেন ফুটবলাররা। সেখানে মেসি মুখ খোলেননি। কিন্তু বাসে ওঠার আগে সাংবাদিকদের সামনে মেসি বলেন, ‘‘আমরা মারা গিয়েছি। এটাই সত্যি। কারণ, আমরা ভাবতে পারিনি এ ভাবে হারব। তিন পয়েন্টের আশায় মাঠে নেমেছিলাম। সব কিছুর একটা কারণ থাকে। সামনে যা আসবে তার জন্য তৈরি থাকতে হবে। আমাদের জিততেই হবে। সবটাই আমাদের উপর নির্ভর করছে।’’
কাতার বিশ্ববিদ্যালয়ের শিবিরে ফেরার পথে বাসের মধ্যেও মুখ খোলেন নেতা মেসি। বদলা নেওয়ার বার্তা দিয়েছেন তিনি। বাসে সতীর্থদের উদ্দেশে মেসি বলেন, ‘‘আমরা জানি এই দলটা কী দিয়ে তৈরি? সেটা আমাদের মাথায় রাখতে হবে। আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে হবে। সামনের দিকে তাকাও।’’

