দেশ কত লোক তো ভদকা খেয়ে মরছে, কিন্তু তাঁদের খোঁজ ক’জন রাখেন? কিন্তু আপনার ছেলে তো দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে শহিদ হয়েছে। সম্প্রতি রুশ সেনাদের ১৭টি পরিবারের সঙ্গে দেখা করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে সন্তান হারানো মায়েদের উদ্দেশে এমনই মন্তব্য ছুড়ে দিয়েছেন তিনি।
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘর্ষে ইতিমধ্যেই দু’পক্ষেরই হাজারো সেনার মৃত্যু হয়েছে। এ যুদ্ধ কবে থামবে, আর কত মায়ের কোল খালি হবে, এই প্রশ্ন নিয়েই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যুদ্ধে প্রাণ হারানো সেনাদের মায়েরা। সেখানে এক সেনার মা প্রশ্ন তুলতেই পুতিন তাঁকে সান্ত্বনা দিয়ে বলেন, “দেশে কত লোক ভদকা খেয়ে মরে যাচ্ছে। ওঁদের কেউ খোঁজ রাখেন না। কিন্তু আপনার ছেলে তো দেশের জন্য শহিদ হয়েছেন।”
সেনাদের পরিবারের উদ্দেশে পুতিন জানান, সন্তান হারানোর যন্ত্রণা তিনি বোঝেন। মায়ের কাছে ছেলের জায়গা কেউ নিতে পারবে না। তাই রুশ সরকার সেনা পরিবারগুলির পাশে সব সময় থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

