ফরিদপুরে বিএনপির সমাবেশের সময় পরিবহন ধর্মঘটের ডাক

 

বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে ফরিদপুরেও ডাকা হয়েছে পরিবহন ধর্মঘট। জেলার মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের দাবি জানিয়ে এ ঘোষণা দিয়েছে জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সংগঠনটির নেতারা বিভাগীয় কমিশনার বরাবর চিঠি দিয়ে বলছেন, ১০ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে পরদিন সকাল ৬টা থেকে ১২ নভেম্বর রাত ৮টা পর্যন্ত ৩৮ ঘণ্টা সব ধরনের বাস চলাচল বন্ধ রাখা হবে।

আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম নাসির স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ২০২০ সালের ২৯ মের সভার ১৩ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে ২২টি জাতীয় মহাসড়কে সব ধরনের অবৈধ থ্রি–হুইলার চলাচল বন্ধের নিষেধাজ্ঞা দেয়া হয়। এরপরও এসব অবৈধ যান মহাসড়কে অবাধে চলাচল করছে। যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

চিঠিতে বর্ণিত অবৈধ যানের মধ্যে রয়েছে নছিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্র, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল।

এ দিকে বিএনপি বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে ফরিদপুরে গতকাল লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এদিন বিকেলে সদর উপজেলার তাম্বুলখানা, চুঙ্গির মোড় ও কানাইপুর বাজারে যুবদলের কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকুর নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। পরে কানাইপুর বাজারে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.