রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খেরসনের কিছু অংশ থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার অনুমোদন দিয়েছেন। কিয়েভের বাহিনী কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই বন্দর নগরীর দিকে ক্রমাগত অগ্রসর হচ্ছে। এমন অবস্থায় ইউক্রেনের হামলা থেকে বাঁচতে বিপজ্জনক এলাকায় বসবাসকারী বেসামরিকদের রাশিয়ার অন্যত্র চলে যেতে বলেছেন পুতিন। শুক্রবার তিনি বলেন, যুদ্ধের কারণে বেসামরিক জনগণের ভোগান্তি হওয়া উচিত নয়। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, এখন পর্যন্ত ৭০ হাজার মানুষকে খেরসন থেকে উদ্ধার করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেন আক্রমণের পর সহজেই খেরসনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রাশিয়া। এটিই এখন পর্যন্ত দেশটির সবথেকে বড় অর্জন। তবে এই শহর ফেরত নিতে গত কয়েক মাস ধরে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এতে খেরসনের বিভিন্ন বেসামরিক ভবন ও বাড়িতে গোলা এসে পড়ছে। এমন অবস্থায় পুতিন খেরসনবাসীর উদ্দেশ্যে বলেন, গোলাগুলি এবং আক্রমণের ঝুঁকিতে থাকা বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়া উচিত।
পুতিন এমন সময় এই মন্তব্য করলেন যখন বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে যে, রাশিয়ার সেনারাও খেরসন ছেড়ে যাচ্ছে।

