১৩ বছরের বেতনের হিসাব দিতে হবে ওয়াসার এমডি তাকসিম এ খানকে

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান ১৩ বছরে মোট কত টাকা বেতন, উৎসাহ ভাতা, আনুষঙ্গিক সুবিধা নিয়েছেন, সেই হিসাব দাখিল করতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ওয়াসার আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি বোরহান উদ্দিন এ আদেশ দেন।

এর আগে গত ১৭ আগস্ট ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান ১৩ বছরে মোট বেতন, উৎসাহ ভাতা, আনুষঙ্গিক সুবিধা হিসেবে যত টাকা নিয়েছেন তার হিসাব তলব করেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে ঢাকা ওয়াসা বোর্ডকে এ হিসাব আদালতে দাখিল করতে বলা হয়েছে।

বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সেই সাথে তাকসিম এ খানকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের নির্দেশ কেন দেয়া হবে না, তাকে অপসারণে বিবাদীদের ‘নিষ্ক্রীয়তা’ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

এছাড়া যতদিন পর্যন্ত তাকে অপসারণ করা না হবে ততদিন ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী তার বেতন নির্ধারণে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতেও রুল দিয়েছেন হাইকোর্ট।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এক রিট আবেদনের শুনানি নিয়ে এ নির্দেশ দেন আদালত।

স্থানীয় সরকার সচিব, ঢাকা ওয়াসা বোর্ডসহ সংশ্লিষ্ট বিবাদীদেরকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে ক্যাবের রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.