সংসদের ২০তম অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

এর আগে, বিকেলে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা নির্ধারণ করে আগামী ৬ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর সদস‌্য মনোনয়ন দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সভাপতিমণ্ডলীর সদস‌্যরা হলেন উপাধ‌্যক্ষ আবদুস শহীদ, মকবুল হোসেন, মনোয়ার হোসেন চৌধুরী, কাজী ফিরোজ রশীদ ও সুবর্ণা মুস্তাফা।

পরে অধিবেশনে সংসদ উপনেতা এবং ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীসহ সাবেক একাধিক এমপির মৃত্যুতে এবং গত দুই মাসের মধ্যে মারা যাওয়া ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথসহ বিশিষ্ট ব্যক্তিদের জন্য শোকপ্রস্তাব আনা হয়।

জানা গেছে, ২০তম অধিবেশনে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস বিল-২০২২, বৈষম্য বিরোধী বিল, গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল, বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজসম্পদ করপোরেশন বিল, সরকারি চাকরি (সংশোধন) বিল, সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল এবং জাকাত তহবিল ব্যবস্থাপনা বিলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ অগাস্ট সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়ে ১ সেপ্টেম্বর শেষ হয়। পাঁচ কার্যদিবসের ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৩৭টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি ১৫টির উত্তর দেন। অন্য মন্ত্রীর জন্য ৯৮৬টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে তারা উত্তর দেন ৩৬৯টির। বিল পাস হয় তিনটি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.