জনগণের কষ্টকে পুঁজি করতে চাইছে বিএনপি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: অপরিণামদর্শী বিএনপি নেতারা বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করেই গলার জোরে কথা বলছেন এবং জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছে।

শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের ভিত্তিহীন, আজগুবি ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি একথা বলেন।

রশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট বিশ্বব্যাপী, বিশ্বের সব দেশই এই সংকট মোকাবিলা করছে এবং আগামীতে সংকট গভীরতর হলে তা কীভাবে মোকাবেলা করবে তার দিশা খুঁজছে, অথচ বিএনপি মহাসচিব এই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করছেন- এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে বলেন, সৃষ্ট এই সংকটে তাহলে কি বিশ্বের সব দেশের প্রধানমন্ত্রীই পদত্যাগ করবেন?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ বিচ্ছিন্ন কোন দ্বীপ নয়। বিশ্বব্যাপী এ সংকট আমাদের সৃষ্ট না হলেও তার প্রভাব বাংলাদেশের ওপর পড়েছে।

আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, গত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি মহাসচিব তাদের হতাশ নেতাকর্মীদের চাঙা করতে এমনটা বলে চলেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.