বিএনপির সমাবেশ ঘিরে চট্টগ্রাম ও ময়মনসিংহে সরকার গণবিরোধী সব ধরনের কর্মকাণ্ড চালিয়েছে। ময়মনসিংহে রক্তও ঝরিয়েছে। খুলনায় যেনো এসবের পুনরাবৃত্তি না ঘটে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
প্রায় ১১ মাস পর রাজনীতিতে ফিরে বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মঞ্জুর সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দীর্ঘদিন রাজনীতির বাইরে থাকা নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায় প্রেস ক্লাব চত্ত্বর।
মঞ্জু বলেন, কেউ কেউ হুঙ্কার দিয়ে বলেছেন যে, পদ্মার এপারে বিএনপিকে নামতে দেওয়া হবে না। হুঙ্কার দাতাদের উদ্দেশ্যে তিনি বলেন, এমন হুঙ্কার দিয়েন না, পরবর্তীতে যদি কিছু ঘটে তাহলে মামলার আসামি হবেন।
দলে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মীর্জ ফখরুল ইসলাম আলমগীরের আহ্বানেই আবার ফিরেছি।
তিনি বলেন, চট্টগ্রাম ও ময়মনসিংহে বিএনপির সমাবেশ ভণ্ডুল করতে সরকার বিভিন্ন কারসাজি করেছে। কিন্তু সরকারের বাধা উপেক্ষা করে বিপ্লবী জনতা বার বার কর্মসূচি সফল করেছে। খুলনার সমাবেশ ব্যর্থ করতে সরকার ইতিমধ্যে গাড়ি চলাচল বন্ধ করেছে। কিন্তু সরকার জানে না পরিবহন বন্ধ রেখে এবং নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশী করে আন্দোলন দমানো যায় না।

