গরিব মানুষের জন্য কাজ করছে সরকার, দুঃসময় কেটে যাবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘গরিব মানুষের জন্য প্রণোদনাসহ বেশ কিছু উদ্যোগ রয়েছে। জনগণকে সহযোগিতা করা এবং তাদের ভালোভাবে রাখা সরকারের দায়িত্ব। সেই কাজটি সরকার করে যাচ্ছে এবং করে যাবে। আশা করছি, দুঃসময় কেটে যাবে।’

আজ বুধবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

দেশে জ্বালানি তেলের দামবৃদ্ধির ব্যাপারে জানতে চাইলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এটি নিয়ে কাজ করা হয়েছে। কাজ করেই দাম বাড়ানো হয়েছে। দাম কেন বাড়ল, সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে। এর বাইরে আমি কিছু বলব না।’

জিনিস মূল্যবৃদ্ধির প্রভাব মূল্যায়ন করা হবে কি না- জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, ‘অবশ্যই করা হবে। আমরা বারবার বলে আসছি যে, সমন্বিত প্রাইস লেভেল… সেখানে দাম বাড়লে এখানে বাড়বে, সেখানে কমলে এখানে কমবে।’

দেশের ছয় বাণিজ্যিক ব্যাংকের ট্রেজারিপ্রধানকে অপসারণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক- এর প্রভাব সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আপনার ব্যাংকে আপনি কত টাকা রাখতে পারেন, ডলার কত রাখবেন, ক্যাশ টাকা কত রাখবেন সেটির নিয়ম আছে। এর বাইরে যদি রাখেন, তাহলে মনে হয় অন্য কিছু করছেন। আমি বিষয়টি সঠিকভাবে জানি না।’

দেশে ডলারের দামবৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ‘পৃথিবীতে এমন কোনো দেশ পাওয়া যাবে যেখানে ডলারের দাম বাড়েনি? ডলারের দাম সব জায়গায় বেড়েছে, সবাই সেটি নিয়ে ভুগছে। যারা যুদ্ধ করছে তারাও ভুগছে, যারা যুদ্ধ বাড়াচ্ছে তারাও এর বাইরে নয়।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.