টাঙ্গাইলের কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন ছেলে গভীর রাতে কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ওই ব্যক্তির নাম আলী আজগর (৬৫)। ছেলের নাম রাশেদ মিয়া (৩০)। পুলিশ বাবার মরদেহ উদ্ধার ও অভিযুক্ত ছেলেকে আটক করেছে।
মঙ্গলবার (১ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে কালিহাতী উপজেলার চারাল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাশেদ মানসিক ভারসাম্যহীন। রাতে হঠাৎ করেই রাশেদ তার বাবা আলী আজগরকে কুড়াল দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। পরে রাশেদ স্থানীয় একটি মসজিদে গিয়ে ইমামকে জানায়, সে তার বাবাকে হত্যা করেছে। খবরটি মাইকে প্রচার করতে বলে। এসময় ইমাম স্থানীয়দের সহযোগীতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেয়। সকালে পুলিশ গিয়ে আলী আজগরের মরদেহ উদ্ধার ও রাশেদকে আটক করে।
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

