লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

এক সপ্তাহ পর্যবেক্ষণ করে লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার সকালে লোডশেডিং নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

কম দামে জ্বালানির বাজার খোঁজা হচ্ছে জানিয়ে নসরুল হামিদ বলেন, দিনে দেড় হাজার থেকে দুই হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং চলছে। এ পরিস্থিতি সাময়িক। গ্রাহকরাও এটাকে বিশেষ পরিস্থিতি মেনে নিচ্ছেন। এক সপ্তাহ, ১০ দিন পরিস্থিতি পর্যালোচনা করব। আগামী সপ্তাহে নতুন পরিকল্পনা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশে মোট ডিজেলের মাত্র ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়। বাকি ৯০ শতাংশ সেচ ও পরিবহনখাতে ব্যবহার হয়ে থাকে।

এর আগে বিদ্যুতের চাহিদার সঙ্গে সরবরাহের সমন্বয় করতে সারাদেশে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং করে হয়েছে। গত মঙ্গলবার থেকে দেশজুড়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.