বৃহস্পতিবার থেকে দেশে ফিরবেন হজযাত্রীরা

পবিত্র হজ পালন শেষে আগামী বৃহস্পতিবার থেকে দেশে ফিরবেন হজযাত্রীরা। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকাগামী যাত্রী নিয়ে দেশের উদ্দেশে রওনা দেবে। তবে ফ্লাইটে কতজন যাত্রী থাকবেন তা এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে হজ অফিস জানায়, একইদিন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সেরও ফ্লাইট রয়েছে। বিমান, সাউদিয়া এবং ফ্লাইনাসের ফ্লাইটে সব হজযাত্রী ফিরতে ৪ আগস্ট পর্যন্ত সময় লাগবে।

এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। পরে জুলাইয়ে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করে তারা।

হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ হজযাত্রী পরিবহন করেছে। সাউদিয়া পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী। আর ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী।

এবার সৌদি আরবে হজে গিয়ে মারা গেছেন ১৫ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৫ জন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.