ঈদের ৭ দিন এক জেলার বাইক অন্য জেলায় নিষিদ্ধ

ঈদের আগে-পরে সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেলও অন্য জেলায় না চালানোর নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

রোববার (৩ জুলাই) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে (ভার্চুয়ালি) মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, আসন্ন ঈদুল আজহার আগের তিন দিন, ঈদের দিন ও ঈদের পরের তিন দিন সারাদেশের মহাসড়কে যৌক্তিক কারণ ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না। অনুমোদিত এলাকার বাইরে মোটরসাইকেল রাইড-শেয়ারিং করা যাবে না।

এক জেলায় রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না। তবে যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে পুলিশের অনুমতি নিয়ে মোটরসাইকেল চালানো যাবে।

এতে আরও জানানো হয়, নিত্যপণ্য, কাঁচামাল, ওষুধ, জ্বালানি তেল, গার্মেন্টস সামগ্রী, রপ্তানি পণ্য, পচনশীল দ্রব্য, পশুবাহী ট্রাক ছাড়া ভারী পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও লরি ঈদের আগের তিন দিন, ঈদের দিন ও ঈদের পরের তিন দিন সারাদেশের মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকবে। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, মালিক-শ্রমিক নেতারা এবং বিভাগীয় কমিশনার, হাইওয়ে পুলিশসহ বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী আরও বলেন, মহাসড়কের ওপরে পশুর হাট বসানো যাবে না। এসময় তিনি ফিটনেসবিহীন গাড়িতে কোরবানির পশু পরিবহন না করার জন্য পরিবহন মালিক-শ্রমিকদের অনুরোধ জানান। সেই সাথে সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার বিষয়ে উদ্যোগ নিতেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানান মন্ত্রী।

পোশাকশ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার জন্য তিনি বিজিএমইএ এবং বিকেএমইএ’র নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় অনেক পশুবাহী যানবাহন এ পথে ঢাকায় আসবে। এ বিষয়টি বিবেচনায় রাখতে হবে। এ ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে যানবাহনের চাপ বাড়বে। এ চাপ মোকাবিলায় পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ের টোল প্লাজাসহ বঙ্গবন্ধু সেতু, মেঘনা এবং গোমতী সেতুর টোল প্লাজায় বুথ সংখ্যা বাড়ানোর জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.