হাদিসুরের পরিবারকে সাড়ে চার কোটি টাকা দেবে বিএসসি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রকেট হামলায় নিহত এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিক থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে চার লাখ মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চার কোটি টাকার বেশি) চেক দেবে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। এছাড়া জাহাজটির ২৮ কর্মকর্তা ও নাবিকদের নিজ নিজ র‍্যাংক অনুযায়ী সাত মাসের সমপরিমাণ বেতনের চেক দেওয়া হবে বলে জানিয়েছেন বিএমএমওএ সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী।

বিএসসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুন) বিকেল ৪টায় রাজধানীর বিএসসি টাওয়ারে আনুষ্ঠানিকভাবে হাদিসুরের পরিবার ও অন্যদের হাতে এক অনুষ্ঠানের মাধ্যমে চেক প্রদান করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর।

জানা যায়, বিএসসির মালিকানাধীন জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ ডেনিশ কোম্পানি ডেল্টা করপোরেশনের অধীনে ভাড়ায় চলছিল। গত ২২ ফেব্রুয়ারি জাহাজটি মুম্বাই থেকে তুরস্ক হয়ে অলভিয়া বন্দরে যায়। সেখান থেকে সিমেন্ট ক্লে নিয়ে ২৪ ফেব্রুয়ারি ইতালির রেভেনা বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। এর আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে অলভিয়া বন্দরে আটকা পড়ে জাহাজটি।

পরে গত বুধবার ২ মার্চ রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। তবে অন্য ২৮ জনকে অক্ষত অবস্থায় জাহাজটি থেকে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় সরিয়ে নেওয়া হয়। এরপর ৫ মার্চ হাদিসুরের মরদেহ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে অলভিয়া বন্দর সংলগ্ন বাংকার (শেল্টার হাউজ) থেকে বের করে মালদোভা হয়ে ৬ মার্চ রোমানিয়া নেওয়া হয়। ৯ মার্চ ২৮ নাবিক রোমানিয়ার বুখারেস্ট বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ঢাকায় ফেরেন। ১৪ মার্চ হাদিসুর রহমানের মরদেহ দেশে আনা হয়।

এর আগে, গত ২০ মে মেরিনারদের সংগঠন ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারে শন (আইটিএফ) এবং বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ) প্রায় সোয়া ১০ লাখ টাকার অর্থসহায়তা প্রদান করে হাদিসুরের পরিবারকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.