সাকিবকে অধিনায়ক হিসেবে পাওয়াটা আশীর্বাদ: মাশরাফি

সেন্ট লুসিয়ায় ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশ দল কোনো রকমে ইনিংস ব্যবধানে হার এড়ালেও গল্পটা ভিন্ন হয়নি। ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটে বিধ্বস্ত হয়েছে সাকিব আল হাসানের দল।

দুই ম্যাচের টেস্ট সিরিজেও অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা।

এর আগে টেস্ট ক্রিকেট নিয়ে গত কয়েক মাসে বেশ সমালোচনার মধ্যে অধিনায়কত্ব ছাড়েন মুমিনুল হক। নেতৃত্ব তুলে দেওয়া হয় সাকিব আল হাসানের কাঁধে। তবে তাতেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ দল।

তবে সাকিবকে অধিনায়ক হিসেবে পাওয়াটা বাংলাদেশের ক্রিকেটের জন্য আশীর্বাদ মনে করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফি জানান, ‘সাকিব যে অধিনায়ক হয়েছে, এটা আমি মনে করি আমাদের জন্য আশীর্বাদ। এ কারণে মনে করি টেস্ট ক্রিকেটে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ও পারফর্মারের হাতে অধিনায়কত্ব থাকা উচিত এবং সেটা আছে। আমি যেটা বললাম, রাতারাতি কোনো কিছু চিন্তা করলে হবে না।’

‘সাকিবের হাতে গিয়েছে মানে জিতে যাবো, এটা কোনো ফ্লুক না। আরও ১০ জনকে পারফর্ম করতে হবে। সুতরাং সাকিবকে একটু সময় দিতে হবে। সে জিনিসটাকে গুছিয়ে নিয়ে যখন সামনে অগ্রসর হবে তখন দেখবেন জিনিসটা আস্তে আস্তে হয়েছে। আর সাকিব যেটা কালকে বলেছে হোমে জিততে হবে, এটা কিন্তু অবশ্যই সত্যি কথা।’

সাকিবের প্রতি বার্তা দিয়ে মাশরাফি বলেছেন,‘আমি আগেও বললাম সবচেয়ে অভিজ্ঞ মাথা যাকে আমরা পেয়েছি। সুতরাং সাকিবকে বার্তা দেওয়ার কিছু নাই। সাকিব জানে কীভাবে দল পরিবর্তন করতে হবে। এর আগেও দুইবার সে অধিনায়কত্ব করেছে। আমি মনে করি, সাকিব সব জানে কীভাবে সামলাতে হয়।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.