ট্রেনের ধাক্কায় পিকআপের দুই যাত্রী নিহত

নরসিংদীর রায়পুরায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপের দুইজন নিহত হয়েছেন।

শনিবার (৪ জুন) দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন পিকআপের যাত্রী ছিলেন। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, নেত্রকোণা জেলার পূর্বধলার কালিহর হাটলা গ্রামের চাঁন মিয়ার ছেলে সুজাত মিয়া।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর সোয়া ১টার দিকে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের পাশে হাসনাবাদ বাজার রেলক্রসিং পার হচ্ছিল একটি যাত্রীবাহী পিকআপ। পিকআপটি রেললাইনের ওপর উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেন পিকআপকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় পিকআপটি। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যায় এবং চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে নিয়ে যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী বলেন, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.