২৬ মাস পর কলকাতা থেকে দেশে ঢুকল বন্ধন এক্সপ্রেস

করোনার কারণে দীর্ঘ ২৬ মাস বন্ধ থাকার পর বেনাপোল রেলস্টেশনের মাটি স্পর্শ করল খুলনা-কলকাতার মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেন।

রোববার সকাল ৯টা ৪৫ মিনিটে সাইরেন বাজিয়ে বাংলাদেশে প্রবেশ করে ট্রেনটি।

এক্সপ্রেস ট্রেনটিকে বরণ করতে বেনাপোল রেলস্টেশনে উপস্থিত ছিল কাস্টমস, ইমিগ্রেশন, বন্দর এবং রেলওয়ের কর্মকর্তাবৃন্দ। মহামারি করোনার কারণে দীর্ঘদিন খুলনা-কলকাতা রুটে বন্ধ থাকে বন্ধন এক্সপ্রেস ট্রেন।

গত ১৭ এপ্রিল ভারতের ইস্টার্ন রেলওয়ের একটি উচ্চপদস্থ টিম পুনরায় ট্রেনটি চালু করতে সম্ভাবতা যাচাইয়ের জন্য বেনাপোল আসেন। বন্ধন এক্সপ্রেস চালুর তোড়জোড় চলছে গত তিন দিন ধরে। গত ২৭ মে বসানো হয়েছে উন্নতমানের ১৪টি সিসি ক্যামেরা।

বেনাপোল রেলস্টেশনের মাস্টার সাইদুর রহমান জানান, করোনার কারণে ২০২০ সালের ১৫ মার্চ বন্ধন এক্সপ্রেস ট্রেন বন্ধ হয়ে যায়। দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সিদ্ধান্ত মোতাবেক রোববার সকাল ৯টা ৪৫ মিনিটে ভারতীয় বগি সমৃদ্ধ বন্ধন এক্সপ্রেস ট্রেন বেনাপোলে পৌঁছেছে। ট্রেনটি কাস্টমস এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল ছেড়ে খুলনার উদ্দেশ্য রওনা দেয় ১০টা ৪৫ মিনিটে।

ফিরতি ট্রেন খুলনা ছেড়ে বেনাপোল পৌঁছাবে ৩টা ১৫ মিনিটে। বেনাপোল ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সেরে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে ৪টা ১৫ মিনিটে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.