বৃষ্টিতে ভিজতে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হলের পাঁচ তলার ছাদ থেকে পড়ে অমিত কুমার বিশ্বাস নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে সাভার এনাম মেডিকেলে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে পড়ে মারাত্মকভাবে আহত হন তিনি। এসময় প্রথমে বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত শিক্ষার্থী অমিত কুমার বিশ্বাস খুলনার দৌলতপুর থানার অজয় কুমার বিশ্বাসের ছেলে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫ তম আবর্তনের (ব্যাচের) উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র ছিলেন ও শহীদ রফিক জব্বার আবাসিক হলে থাকতেন।
বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের প্রভোস্ট অধ্যাপক ড. সোহেল আহমেদ জানান, বৃষ্টির সময় একা ছাদে যায় অমিত। কিছুক্ষণ পরে তার অন্য বন্ধুরা ছাদে গিয়ে এক কর্নারে অমিতের জুতা দেখতে পায়। পরে নিচে অমিতকে পড়ে থাকতে দেখে তারা। ধারণা করা হচ্ছে ছাদের রেলিংয়ে বসতে গিয়ে পা পিছলে ছাদ থেকে নীচে পড়ে যায় সে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলেও জানান হল প্রভোস্ট।

