চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের তৈলভাঙ্গা বিলে কাদার গর্তে আটকে যাওয়া সেই বন্য হাতিকে দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধার করেছে বন বিভাগ।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ এবং বণ্যপ্রাণি ও জীব বৈচিত্র্য সংরক্ষণ বিভাগের কর্মীরা শনিবার (৩০ এপ্রিল) দুপুরে কঠোর প্রচেষ্টায় এই হাতিটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। পরে হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গভীর বনে ফেরত পাঠানো হয়।
চট্টগ্রাম বণ্যপ্রাণি সংরক্ষণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ ইসমাইল হোসাইন জানান, ভোরে কোন এক সময় খাদ্যের সন্ধানে এসে একটি বন্য হাতি জমির কাদার গর্তে আটকে যায়। হাতিটি কয়েক ঘণ্টা ধরে গর্ত থেকে উঠতে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এক পর্যায়ে শক্তি হারিয়ে মৃত্যুপথযাত্রী হয়ে পড়ে।
খবর পেয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা শফিকুল ইসলামের নির্দেশনায় প্রথমে রাঙ্গুনিয়া রেঞ্জের টিম এবং পরে বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতি উদ্ধারে অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বনকর্মীরা হাতিটিকে সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হয়।
বন বিভাগ জানায়, জায়গাটি ছিলো অত্যন্ত দুর্গম। কড়া রোদ, পাহাড়ি ঘোনার মধ্যে বাতাস চলাচল বন্ধ প্রচণ্ড গরমে, যানবাহন ও সরঞ্জাম পৌঁছানোর প্রতিবন্ধক পরিবেশের মধ্যেও কঠোর পরিশ্রম করে বন বিভাগ হাতিটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। পরে হাতিটিকে গহীন পাহাড়ে তার আবাসস্থলে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়।

