উত্তরায় রুমমেটের ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে একটি মেসে রুমমেটের ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত পোশাক শ্রমিকের নাম মোঃ ডালিম (২৭)।

এ ঘটনায় ডালিমের রুমমেট মনসুর বিল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান মোঃ ইলিয়াস বলেন, ডালিম ও মনসুর উত্তরা ৯ নম্বর সেক্টরে একটি মেসের একই রুমে থাকতেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে দু’জনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মনসুর ছুরি নিয়ে পেছন দিক থেকে ডালিমের পিঠ ও হাতে আঘাত করেন।

তিনি বলেন, গুরুতর অবস্থায় ডালিমকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে ভোররাত সাড়ে ৪টার দিকে ডালিম মারা যান।

পুলিশ জানিয়েছে, গতকাল রাতেই মনসুরকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করেন ডালিমের স্বজন। এখন সেটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.