এবার বিমান চলাচলে পাল্টা ব্যবস্থা নিল রাশিয়া

বিমান চলাচল নিয়ে এবার পাল্টা ব্যবস্থা নিল রাশিয়া। ৩৬টি দেশের জন্য রাশিয়া তাদের আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করেছে।

সোমবার এক বার্তায় এ ঘোষণা দেয় দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। খবর সিএনএন।

ইউরোপের বেশ কয়েকটি রাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে রাশিয়ার বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপের পর এই ব্যবস্থা নিল রাশিয়া।

এদিকে চলমান উত্তেজনা নিরসনে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে ইউক্রেন। সোমবার দুই দেশের প্রতিনিধিরা বেলারুশের সীমান্তে আলোচনা করতে পৌছান।

ইউক্রেনের স্থানীয় সময় দুপুর ১টায় এ আলোচনা শুরু হয়। রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে বেলারুশ সীমান্তে গেছেন ইউক্রেনের উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদমির জেলেনস্কি এ আলোচনায় অংশ নিতে যাননি।

গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দুটি প্রধান দাবি নিয়ে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে গেছেন ইউক্রেনের প্রতিনিধিরা।

সেই দাবিগুলোর প্রথমটি হলো অনতিবিলম্বে যুদ্ধবিরতির চুক্তি করা। দ্বিতীয়টি হলো ইউক্রেন থেকে রাশিয়ার সব সৈন্যকে প্রত্যাহার করে নেওয়া।

গণমাধ্যম রয়টার্সকে ইউক্রেনের প্রেসিডেন্টের এক উপদেষ্টা আলোচনা শুরু করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা করবে তাদের প্রতিনিধিরা।

এদিকে রাশিয়ার সঙ্গে আলোচনা করলেও এ আলোচনা নিয়ে খুব বেশি আশাবাদী নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.