আবারও সাকিবের হয়ে ব্যাট ধরলেন শিশির?

বিপিএলের অষ্টম আসর শেষে শুরু হবে জাতীয় দলের ব্যস্ততা। ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলে টাইগাররা যাবে দক্ষিণ আফ্রিকা সফরে।

কিন্তু এর মধ্যেই জানা গেল, সাকিব আল হাসান প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না।

এর আগে নিউজিল্যান্ডেও টেস্ট সিরিজের সফরে যাননি সাকিব। এদিকে সামনে আইপিএল। সমর্থকদের অনেকে ধারণা করছেন, ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে খেলবেন বলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়াচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এ নিয়ে দেশের ক্রিকেটমহলে চলছে জোর সমালোচনা।

আজ বৃহস্পতিবার টাইগারদের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও একটু ঘুরিয়ে বলেছেন, সাকিব রঙিন পোশাকের ম্যাচ খেলবেন। তবে টেস্ট নিয়ে তার হয়তো অন্য পরিকল্পনা আছে। বিসিবি দু-একদিনের মাঝেই সিদ্ধান্ত জানাবে। তার মানে, সাকিব টেস্ট খেলবেন না বলেই ধরে নেওয়া হচ্ছে। আর তাতেই সমালোচনার শুরু।

এর আগে অনেকবার সাকিবের হয়ে সোশ্যাল সাইটে সরব হয়েছেন তার সহধর্মিণী উম্মে আহমেদ শিশির। আজ তার একটি স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার সকালে শিশির নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘আপনার যত কম থাকবে, ততই আপনি প্রশংসিত হবেন এবং ভালোবাসা পাবেন। কিন্তু আপনার যত বেশি থাকবে, আপনাকে ততই কম প্রশংসিত হবেন এবং জুটবে ঘৃণা। ‘

পরিপ্রেক্ষিত যেহেতু টেস্ট থেকে সাকিবের ছুটি- শিশিরের পোস্ট নিয়ে তাই গুঞ্জন শুরু হয়েছে। তার পোস্টে অনেকেই সাকিবের হয়ে কমেন্ট করছেন। বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব যে বাংলাদেশের পোস্টার বয়, সেকথাও স্মরণ করিয়ে দিচ্ছেন অনেকে। আবার কেউ কেউ জাতীয় দল থেকে সাকিবের ঘন ঘন ছুটি নেওয়ার সমালোচনাও করছেন।

এর আগে সর্বশেষ গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের পর দেশজুড়ে সমালোচনা শুরু হয়েছিল। সাকিবও সেই টুর্নামেন্টে ভালো করতে পারেননি। রেগেমেগে ফেসবুকে শিশির কড়া কথা লিখেছিলেন। দেশের সেরা ওপেনার তামিম ইকবাল এমনকি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকেও তিনি ছাড় দেননি। এরপর শিশিরের সেই পোস্টের জবাব দেন মাশরাফির ছোট ভাই মোরসালিন মুর্তজা। ক্রিকেট নিয়ে রীতিমতো পারিবারিক ঝামেলা শুরু হয়ে গিয়েছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.