রাজধানী মগবাজার মোড়ে আজমেরী গ্লোরী লিমিটেডের দুই বাসের রেষারেষিতে পিষ্ট হয়ে মো. রাকিব (১৪) নামে এক কিশোরের মৃত্যুর মামলায় বাসের দুই চালক মো. মনির হোসেন ও মো. ইমরানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ বুধবার রমনা মডেল থানার সাব-ইন্সপেক্টর আবুল খায়ের দুই আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন শুনানি শেষে দুই দিন করে রিমান্ডের আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার রাজধানীর পল্টন ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০ জানুয়ারি বিকেল ৫টার দিকে মগবাজার মোড়ে আগে পৌঁছাতে আজমেরী গ্লোরী পরিবহনের দুটি বাস একে অন্যকে পেছনে ফেলতে রেষারেষিতে জড়ায়। বাস দুটি মগবাজার মোড়ে এসে সমান্তরাল হয়। এ সময় বেপরোয়া বাস দুটির মাঝখানে পড়ে যায় রাকিব। এক পর্যায়ে গাড়ি দুটির চাপায় পিষ্ট হয় সে। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাকিবের বাবা নুরুল ইসলাম ওইদিন রাতেই রমনা থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা করেন।

