২৮ শে ডিসেম্বর থেকে কড়া করোনা বিধি চালু হবে জার্মানিতে

ইউরোপ জুড়ে ওমিক্রনের বাড়বাড়ন্তের কারণে বড়দিনের পরেই নতুন করোনাবিধি চালু হবে জার্মানিতে। এর আওতায় ভ্যাকসিন দেওয়া না থাকলে এক জায়গায় দুজনের বেশি একত্রিত হওয়া যাবে না।

এমন সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন জার্মানির নতুন চ্যান্সেলর ওলফ শলৎস। মঙ্গলবার তিনি স্পষ্ট করে দিলেন, নেদারল্যান্ডসের মতো লকডাউন না হলেও, কড়া বিধি চালু হবে জার্মানিতে। ভ্যাকসিন নেওয়া থাকলে বা করোনা থেকে সেরে উঠলেও ছাড় পাওয়া যাবে না। মানতে হবে করোনাবিধি।

জার্মান প্রশাসন জানিয়েছে, দশ জনের বেশি এক জায়গায় জমায়েত করতে পারবেন না। যারা এক জায়গায় হবেন, তাদের সবাইকে অন্তত দুটি টিকার ডোজ থাকতে হবে। অথবা প্রমাণ করতে হবে যে তিনি সদ্য করোনা থেকে সেরে উঠেছেন। ভ্যাকসিন না থাকলে এক জায়গায় দুজনের বেশি থাকতে পারবেন না। পরিবার ছাড়া অন্য কারো সঙ্গে টিকাহীন ব্যক্তি দেখা করতে পারবেন না।

আরও বলা হচ্ছে, খেলার জন্য স্পোর্টস কমপ্লেক্স, স্টেডিয়াম খোলা থাকবে, কিন্তু সেখানে দর্শক থাকতে পারবে না। খসড়া প্রস্তাবে কম দর্শকের কথা বলা হয়েছিল। বন্ধ থাকবে সমস্ত ক্লাব। বন্ধ থাকবে বর্ষবরণের পার্টি।

চ্যান্সেলর জানিয়েছেন, ‘যত দ্রুত করোনা থেকে মুক্তি পাওয়ার কথা আমরা ভেবেছিলাম, তার চেয়ে অনেক বেশি সময় লাগছে। সকলকে সহযোগিতা করতে হবে।’

বড়দিনে ছাড় দিলেও নতুন বছরের আগেই এই নতুন বিধি চালু হবে বলে জানা গেছে। ২৮ ডিসেম্বরের মধ্যে তা চালু হবে বলে প্রশাসনের সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.