রাজধানীর মিরপুরের কালশী এলাকায় খালে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
আজ বৃহস্পতিবার কালশীর ২২তলা গার্মেন্টস সংলগ্ন সুয়ারেজের খালে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তা রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় কালশীর সুয়ারেজ খালে ৪০ বছরের একজন পুরুষ নিখোঁজ হয়েছেন। এমন সংবাদে উদ্ধার কাজ করছেন ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট। তারা আশপাশের লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে উদ্ধারে কাজ করছেন। তবে কীভাবে ওই ব্যক্তি খালে পড়লেন সে বিষয়ে তথ্য সংগ্রহ চলছে। এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।

