ধর্মের কারণে লিটন-সৌম্য’র অতিরিক্ত সমালোচনা : আসিফ নজরুল

ধর্মীয় পরিচয়ের কারণে বাংলাদেশ জাতীয় দলের দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন ‍দাসকে নিয়ে দেশের একটি শ্রেণি বেশি সমালোচনা করেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

আজ সোমবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ড. আসিফ নজরুল লিখেন, ‘লিটন আর সৌম্যকে একশ্রেণির মানুষ বেশী সমালোচনা করে তাদের ধর্মীয় পরিচয়ের জন্য। এমনকি মুশফিককেও একদল সুযোগ পাওয়ামাত্র সমালোচনা করে তার ধর্মপালনের নিষ্ঠার জন্য। এগুলো জঘন্য মানসিকতার প্রকাশ। ক্রিকেটারদের খেলোয়াড় হিসেবে সমালোচনা করা যায়, অন্য কোনভাবে না।’

দলে সুযোগ পাওয়া নিয়ে তিনি বলেন, ‘আর কে বেশী সুযোগ পাচ্ছেন এটি সম্পূর্ণভাবে ক্রিকেট বোর্ড এবং নির্বাচকদের দায়দায়িত্ব। যেমন- মোহাম্মদ মিঠুন নামক একজন নিম্নমানের ব্যাটসম্যানকে যখন দিনের পর দিন খেলানো হয়েছে তখন আমরা এদের দোষই দিয়েছি, মিঠুনের ধর্মীয় পরিচয়কে নয়। তাহলে লিটনরা বেশী সুযোগ পেয়েছে মনে হলে অন্যরকম করবো কেন?’

পোস্টে ক্রিকেট বোর্ড আর নির্বাচকদের সমালোচনা করে ড. আসিফ নজরুল আরও লিখেন, ‘ফারুক আহমেদের পদত্যাগের পর নির্বাচকরা আর বোর্ড একের পর এক ভুল করেছে দল নির্বাচনে এবং আরো বহু ক্ষেত্রে। এদের ভাগ্য ভাল সাকিব নামে একজন অতিমানবীয় খেলোয়াড় আর তামিম, মুশফিক, মাশরাফি, মাহমুদুল্লাহর মতো পাওয়াফুল ক্রিকেটার একসাথে এসেছিল বাংলাদেশ দলে। যে গতিতে চলছে ক্রিকেট বোর্ডের কাজ আর পাপনের মুখ, এই খেলোয়াড়রা বিদায় নেয়ার পর ওমান আর পাপুয়া নিউগিনির মতো দলের কাছেও হারতে পারি আমরা।’

উল্লেখ্য, গতকাল রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আশা জাগিয়েও ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। যেখানে দলের গুরুত্বপূর্ণ সময়ে সহজ দুটি ক্যাচ ছেড়ে দিয়ে দলকে পরাজয়ের দিকে ঠেলে দেন ওপেনার লিটন দাস। ফলে, দর্শকদের একটি অংশ অতি আবেগের বশে অনিচ্ছাকৃত ভুলের জন্য তার ধর্ম টেনে বাজে মন্তব্য করেছেন।

এদিকে, মূলপর্বের আগে বাজে ফর্মের কারণে বাদ পড়েন আরেক ওপেনার সৌম্য সরকার। দুজনেই ফর্মে না থাকায় মাত্রাতিক্ত সমালোচনার শিকার হয়েছেন। তবে ক্রিকেটিও ভুলের জন্য তাদের ধর্মকে টেনে বাজে মন্তব্য করায় অনেকেই সমালোচনাকারীদের পাল্টা জবাবও দিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.